শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ইরানের নতুন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্বদেশ ডেস্ক:

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ মোখবের। গতকাল রোববার এই নিয়োগ দিয়েছেন ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।

ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, এক ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি ডক্টর মোহাম্মাদ মোখবেরকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। রাইসির মতো মোহাম্মাদ মোখবেরও ইরানের সর্বোচ্চ নেতা খামেনির আস্থাভাজন হিসেবে পরিচিত।

ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোহাম্মাদ মোখবের ইমাম খোমেনীর নির্দেশনা বাস্তবায়ন দপ্তরের প্রধান হিসেবে ২০০৭ সাল থেকে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি সিনা ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মাদ মোখবের ইরানের দেজফুলে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন মোহাম্মদ মোখবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে তার কথিত জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেয় ইউরোপীয় ইউনিয়ন। অবশ্য, দুই বছর পর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

এ ছাড়া, প্রেসিডেন্ট রাইসি অন্য এক ডিক্রি জারির মাধ্যমে গোলাম হোসেন ইসমাইলিকে প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ নিয়োগ দিয়েছেন। এর আগে ইসমাইলি ইরানের বিচার বিভাগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রাইসি। এরপর তিনি মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। নতুন মন্ত্রিসভার তালিকা প্রস্তুত করে তিনি সংসদে জমা দেবেন। সেখানে যাচাই বাছাই ও শুনানি শেষে মন্ত্রীদের নিয়োগ চূড়ান্ত হবে বলে জানিয়েছে পার্স টুডে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ